বরিশালে প্রতিবেশির বাড়িতে ব্যবসায়ী খুন
বরিশাল শহরে প্রতিবেশির বাড়িতে খুন হয়েছেন এক ব্যবসায়ী।
শনিবার সকালে নগরীর নতুন বাজার এলাকার ‘হালিমা মহল’ এর চতুর্থ তলা থেকে রুবেল সিকদারের (২৮) হাত বাধা লাশ উদ্ধার করে পুলিশ।
নতুন বাজার এলাকার রিয়া গিনি হাউজের মালিক রুবেল ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তিনি নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মাসুদ সিকদারের ছেলে।
রুবেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী লিটু সিকদারকে আটক করা হয়েছে। রুবেলের বাসাতেই থাকতেন লিটু।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এক মাস আগে রুবেলের মাধ্যমে হালিমা মহলের চতুর্থ তলা ভাড়া নেয় রিপন নামে এক ব্যক্তি। তার সঙ্গে আরো দুই নারী ওই বাসায় থাকতেন। রুবেলও প্রায়ই ওই বাসায় যাওয়া-আসা করতেন।
“শুক্রবার রাতেও রুবেলকে ডেকে নেয় রিপন। রুবেলের স্ত্রী ও সন্তান একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় বাসায় লিটু একা ছিল।”
শনিবার সকাল ৯টা পর্যন্ত রুবেল বাসায় না ফেরায় লিটু তাকে ডাকতে যায়। ওই বাসায় গিয়ে বাইরে থেকে দরজা তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।
তিনি আরো বলেন, পুলিশ গিয়ে তালা ভেঙ্গে রুবেলের হাত বাধা লাশ উদ্ধার করে।ব্যবসায়ীক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”
