২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরের ওপর হামলার প্রধান আসামি খুন

নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় করা মামলার প্রধান আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 11:14 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পলাশবাড়ীতে নীলফামারী-ডোমার সড়কের পাশে গোলাম রব্বানীর লাশ পাওয়া যায় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানিয়েছেন।

রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

রব্বানীর পরিবারের অভিযোগ, চার দিন আগেই র‌্যাবের হাতে আটক হন রব্বানী। আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই তার মৃত্যু হয়েছে। তবে রাব্বানীকে আটকের খবর অস্বীকার করেছে র‌্যাব।

পুলিশ কর্মকর্তা বাবুল সাংবাদিকদের বলেন, রাব্বানী কিভাবে খুন হয়েছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

মৃতদেহের ডান গালে, মাথার পেছনে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

রব্বানীর মামা আব্দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বরের ঘটনার দিন থেকে রব্বানী বাড়িছাড়া। কয়েকদিন আগে সে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাসায় ছিল।

“চার দিন আগে ওই বাড়ি থেকে র‌্যাব তাকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমরা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ নীলফামারী থানা পুলিশের কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করি। কিন্তু কেউ কিছু বলতে পারেনি।”

“শুক্রবার রাতে আমার দুই ভাই খবর দেয় যে রব্বানীকে পঞ্চগড় থানায় জমা দিয়েছে র‌্যাব। সকালে পঞ্চগড় যাওয়ার কথা ছিল আমাদের। তার আগেই তার লাশ পাওয়া গেল নীলফামারীতে।”

“এটা কিভাবে সম্ভব ‘পঞ্চগড় থানায় আসামি থাকার কথা অথচ লাশ পাওয়া গেল নীলফামারীতে তা আমাদের মাথায় আসেছ না।’ কে মারল তাকে?”

পরিদর্শক বাবুল বলেন, এ ঘটনায় রব্বানীর পরিবার অভিযোগ দাখিল করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রব্বানীর পরিবারের অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১৩ (রংপুর অঞ্চল) এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোতাহার হোসেন বলেন, পঞ্চগড়ে র‌্যাবের কোনো ক্যাম্প নেই।

“সেখানে কোনো অভিযান চালাতে হলে এখান থেকে অনুমতি নেয়া প্রয়োজন। অভিযানের ব্যাপারে আমাদের এখান থেকে কোনো অনুমতি দেয়া হয়নি।”

তারপরও বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখার চেষ্টা করছেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ১৩ ডিসেম্বর শুক্রবার দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারেও ব্যাপক তাণ্ডব চালায় দলটির কর্মীরা।

পরদিন শনিবার ক্ষতিগ্রস্তদের দেখতে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে যান তৎকালীন সাংসদ ও বর্তমান সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ফেরার পথে রামগঞ্জে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নিহত হন টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন ও পথচারী আবু বক্কর ছিদ্দিক।

ঘটনার রাতেই পরিদর্শক বাবুল বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেন।

এতে রব্বানীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫শ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রব্বানী।

তদন্ত কর্মকর্তা বাবুল জানান, মামলার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারীতে জামায়াত-বিএনপির তাণ্ডব, নিহত ৫