২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলা, আসামি তিন হাজার

চাঁদপুরের কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের ওপর হামলা চেষ্টার অভিযোগে তিন হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 08:22 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. শামসুদ্দিন শুক্রবার সকালে এই মামলা দায়ের করেন।

মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনকে ‘অজ্ঞাতপরিচয়’ আসামি দেখানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে কচুয়া উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিতে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য মহিউদ্দীন খান আলমগীর।

ওই সময় মাহফিলের এক পাশ থেকে ঢিল ছোড়া হলে পুলিশ মহিউদ্দীন খান আলমগীরকে নিরাপদে সরিয়ে নেয়।

এরপরও হামলাকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকলে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলাকারীদের ইটের আঘাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িসহ তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন অন্তত ১৫ জন।

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, “এই ঘটনায় কাওকে আটক করা হয়নি। পুলিশ দেষীদের ধরার চেষ্টা চালাচ্ছে।”

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফ বলেন, “উজানীতে ওয়াজ মাহফিলে স্যার (মহীউদ্দিন খান আলমগীর) হুজুরদের দোয়া চাইতে গেলে উপস্থিত মুসল্লীদের একাংশ প্রতিবাদ জানায়। এর পরপরই হট্টগোল সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা হেফাজত ও জামায়াত সমর্থিত কিনা তা খতিয়ে দেখা হবে।”

গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের কর্মীরা তাণ্ডব শুরু করলে আইন-শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। মহিউদ্দীন খান আলমগীর সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।