২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব ছাপাখানা খুলে দেয়ার দাবি খালেদার

দৈনিক ইনকিলাবের বন্ধ ছাপাখানা অবিলম্বে খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির সই করা এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইনকিলাবের প্রকাশনা বিঘিœত করতে ছাপাখানা সিলগালা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিন সাংবাদিককে। আমরা এহেন ঘটনায় উদ্বিগ্ন।”

এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য ‘কখনোই শুভ নয়’ বলেও তিনি মন্তব্য করেন।

সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার রাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে দৈনিক ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। ছাপাখানা সিলগালা করার পাশাপাশি বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “বর্তমান সরকারের সময়ে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।”

অবিলম্বে ইনকিলাবসহ সব বন্ধ গণমাধ্যম খুলে দেয়া ও গ্রেপ্তার সব সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।