২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুচিত্রা সেনের মৃত্যুতে খালেদার শোক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 02:12 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে সুচিত্রা সেন ছিলেন এক চিরঅস্তিত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি সুনিপুণ অভিনয় শৈলীর কারণে যে কৃতিত্ব ও সুনাম অর্জন করেছিলেন তা মানুষের কছে অবিস্মরণীয় হয়ে থাকবে।”

বিএনপি চেয়ারপারসন সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুচিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের মেয়ে কলকাতা চলচ্চিত্রে বহু ছবির সাড়া জাগানো অসাধারণ অভিনয় শিল্পী সুচিত্রা সেনের মৃত্যুতে সমগ্র বাংলাভাষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই কীর্তিমান অভিনয় শিল্পীর পরলোকগমনে বাংলা ভাষাভাষী মানুষের মনে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাতে আমিও শোকাহত।”

তার কর্মজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “নায়িকা হিসেবে সুচিত্রা সেন অনন্য গুণী এই শিল্পী তাঁর অভিনয় যাদুর পরশে চলচ্চিত্রানুরাগী মানুষকে মন্ত্রমুগ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন। চলচ্চিত্রাঙ্গনের উজ্জল তারকা হয়ে উঠার পর অভিনয়কালীন দীর্ঘ সময় তিনি তাঁর হৃদয়ছোঁয়া অভিনয় দক্ষতা দেখিয়ে যেভাবে সুনাম কুড়িয়েছেন তা বহুদিন পর্যন্ত বাংলাভাষী সকল মানুষের প্রাণকে সমানভাবে আপ্লুত করবে।”