পরীক্ষার ‘পাকে’ উপজেলা নির্বাচন
নির্বাচিতদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ফেব্রুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচন করতে চাইলেও, ওই সময়ে এসএসসি পরীক্ষা থাকায় তফসিল ঘোষণা নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার আবু হাফিজ এ কথা জানান।
তবে স্থানীয় সরকার বিভাগ, শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু হাফিজ বলেন, “আমরা চাচ্ছি-আইন অনুযায়ী নির্ধারিত সময়ে উপজেলা ভোট করতে। কিন্তু নির্বাচনটি তো পাকে পড়ে গেছে। ওই সময় [৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ] পরীক্ষা থাকায় কী করা যায় তা নিয়ে আমরা দফায় দফায় বৈঠক করেছি।”
আগামী রোববার নির্বাচন কমিশনের বৈঠকের পরও উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফা তফসিলের বিষয়ে আরো ভাবনার অবকাশ রয়েছে বলে মত দেন তিনি।
বৃহস্পতিবার এক কমিশন সভায় চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচনের লক্ষ্যে রোববার থেকে প্রথম দফা তফসিল ঘোষণার ব্যাপারে আলোচনার সিদ্ধান্ত নেয় ইসি।
ওই সভা শেষে একজন নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববারই কমিশন সভা শেষে প্রথম দফা নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ বিবেচনায় উপজেলাগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে।”
তিনি জানান, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে যেসব উপজেলার মেয়াদ শেষ হচ্ছে এমন ৪০টি উপজেলার ভোটার তালিকা প্রস্তুতও রয়েছে। পর্যায়ক্রমে আনুষঙ্গিক কাজগুলো গুছিয়ে নেয়া হবে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা জোরদারে এবার একাধিক দিনে বা অন্তত সাতদিনে ভোট করার পরিকল্পনার কথা জানান এ নির্বাচন কমিশনার।
ইসি কর্মকর্তারা জানান, সাংবিধানিকভাবে স্থানীয় সরকারের এ নির্বাচন করার দায়িত্ব ইসির নয়।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি প্রস্তুত থাকলেও সবকিছুই স্থানীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এখন।
এর আগে ২০০৯ সালের ২২ জানুয়ারি একই দিনে ভোট করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ নির্বাচন করায় কিছু বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছি। সচিবালয় থেকে তথ্য চাওয়া হয়েছে। আগামী রোববার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, এ নির্বাচন পরিচালনার দায়িত্ব ইসির। এই আইনানুযায়ী এর মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর।
এছাড়া আইনের ১৭ ধারা অনুসারে পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১১৫টি, মার্চে ২২৩টি, এপ্রিলে ৩৫টি, মে মাসে ৮৫টি ও জুন মাসে ১৮টি উপজেলার মেয়াদোত্তীর্ণ হচ্ছে। বাকিগুলোর মেয়াদ শেষ হবে জুলাই থেকে সেপ্টেম্বরে।
ইসি সচিবালয় জানায়, সাধারণত নির্বাচন করতে প্রস্তুতির জন্য ৫০ দিনেরও বেশি সময়ের প্রয়োজন হয়।
এর মধ্যে তফসিল ঘোষণার জন্য এক দিন, মনোনয়ন দাখিলের জন্য ১৫ দিন, বাছাইয়ে দুই দিন, বাছাইয়ের পর আপিলের জন্য তিন দিন, আপিল নিষ্পত্তিতে তিন দিন, প্রত্যাহারে একদিন দিন, প্রচারণা ও ব্যালট পেপার মুদ্রণে ২৭ দিন এবং ভোটের জন্য একদিন বরাদ্দ রাখা হয়।
তবে কিছু প্রস্তুতি আগে থেকে নেয়া শুরু করায় এবার ফেব্রুয়ারিতেই নির্বাচন করা সম্ভব হবে বলে ইসি কর্মকর্তারা মনে করছেন।
২০০৯ সালে দেড় যুগ পর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ নির্বাচন। এর আগে ১৯৮৫ সালে প্রথম ও ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা পরিষদ রয়েছে। এরমধ্যে নলডাঙ্গার গেজেট বিজ্ঞপ্তি পায়নি ইসি। তারাকান্দায় ভোট হয় ২০১২ সালের ৩ অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, বগুড়া ও রাজবাড়িতে নবগঠিত চার উপজেলা রয়েছে।
এ ছয়টি বাদ দিয়ে ৪৮১টি উপজেলার মধ্যে ১১৩টি উপজেলার নির্বাচনের মেয়াদ ১০ মার্চের মধ্যে শেষ হচ্ছে।
বৃহস্পতিবার রাতেই এসব উপজেলার তালিকা করে প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের জন্য প্রেসেও পাঠানো হয়েছে।
