বগুড়া -৭ আসনে জাপার আলতাফ জয়ী
বগুড়া-৭, গাবতলী-শাহজাহানপুর, আসনে দশম জাতীয় সংসদ নির্বচানে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আলতাফ আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি ১৭ হাজার ৮৭৯ ভোটে প্রতিদ্বন্দ্বী জেপি (মুঞ্জু) মনোনিত প্রার্থী আমিনুল ইসলাম পিন্টুকে হারিয়ে নির্বাচিত হন।
আমিনুল সাইকেল প্রতীক নিয়ে ১০ হাজার ১০৪ টি ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, বগুড়া-৭ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ১০জন।
এই আসনে মোট ২৮ হাজার ৫২১জন ভোটা দিয়েছেন। এরমধ্যে ৫৩৮টি ভোট বাতিল হয়েছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে এ আসনের ১৬১টি কেন্দ্রের মধ্যে ১১৫ কেন্দ্রের ভোট গ্রহণ হয়।
তবে নাশকতার কারণে ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে ইসি। স্থগিত এসব কেন্দ্রে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।
এদিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ১৮ দল।
