২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটির দক্ষিণ খান প্রকল্প অবৈধ

ঢাকার দক্ষিণ খান মৌজায় আশিয়ান সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 01:52 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে এই রায় দেয়।

২০১২ সালের ২২ ডিসেম্বর দায়ের করা একটি রিট আবেদনের শুনানি করে গতবছর ২ জানুয়ারি হাই কোর্ট এ বিষয়ে বেশ কয়েকটি রুল জারি করে। পাশাপাশি আশিয়ান সিটির ওই প্রকল্পের কার‌্যক্রম বন্ধের অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় এলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজ ক্যাম্পসংলগ্ন দক্ষিণ খান থানার আশকোনা ও কাওলা এলাকায় প্রতিষ্ঠানটির ওই প্রকল্পের নাম আশিয়ান সিটি প্রকল্প, যা বাস্তবায়ন করছিল, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড।

রিটকারীদের আইনজীবী ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের ফলে আশিয়ান সিটির কার্যক্রম অবৈধ হয়ে গেল। তাদের দেয়া অনুমোদন, ওই প্রকল্পের প্লট-ফ্ল্যাট ক্রয়-বিক্রয়সহ সব কর্মকাণ্ডই অবৈধ হয়ে গেল।”

মানুষকে ‘ভয় দেখিয়ে’ জমি দখলের অভিযোগে করা জরিমানার পুরো ৫০ লাখ টাকা এখন আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডকে দিতে হবে বলে জানান তিনি।

ইকবাল কবির লিটন বলেন, ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার ১৯৭২ অনুসারে বাংলাদেশের কেউ ৩৩ একর বা ১০০ বিঘার বেশি জমি রাখতে পারেন না। কৃষি জমি হলে তার পরিমাণ হবে ২০ একর বা ৬০ বিঘা।

“আশিয়ান সিটি প্রকল্পের কাগজপত্র অনুসারে তারা ৪৩ দশমিক ১১ একর ভূমিতে আবাসন প্রকল্পের জন্য অনুমোদন নেয়। আইন অনুসারে এতো বড় জমিতে আবাসন প্রকল্পের অনুমোদন দেয়া বা নেয়া যায় না। অথচ এরপর তারা ২১৮ একর জমিতে কাজ করছে।”

ওই প্রকল্প এলাকা প্লাবন ভূমি ও নিচু জমি হওয়ায় এবং সেখানে খাল থাকায় জলাধার আইন অনুসারে ওই জমিতে আবাসন প্রকল্প করা যায় না বলেও তিনি উল্লেখ করেন।

আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ব্লাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি, পরিবেশ বাঁচাও আন্দোলন ২০১২ সালের ২২ ডিসেম্বর এই রিট দায়ের করে।

ওই আবেদনের পর ২০১৩ সালের ২ জানুয়ারি রুল জারির পাশাপাশি আসিয়ান সিটি আবাসিক প্রকল্পের মাটি ভরাট, যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার এবং প্লট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট।

এর আগে এলাকাবাসীকে ভয় দেখিয়ে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ২০১১ সালের ১৬ নভেম্বর আবাসন নির্মাতা এই প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করে। অবশ্য পরে পরিবেশ মন্ত্রণালয় ওই জরিমানার পরিমাণ কমিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে।

কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়ার সময় জরিমানা কমানোর ওই আদেশ স্থগিত করার পাশাপাশি কমানোর বিষয়টি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

একইসঙ্গে ওই প্রকল্পকে দেয়া অবস্থানগত ছাড়পত্র, এর নবায়ন ও রাজউকের অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়।

এছাড়া আসিয়ান সিটির উন্নয়ন করা এলাকা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেয়া হবে না, কেন সব অনুনোমোদিত প্রকল্প ভরাট কার্যক্রম, বিজ্ঞাপন প্রদান, প্লট বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাই কোর্ট সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। পরে ২০১২ সালের ৭ অগাস্ট আপিল বিভাগ হাই কোর্টের রায় বহাল রাখে।

আপিল বিভাগের ওই চূড়ান্ত রায়ে বলা হয়, মধুমতি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে যে অর্থ নিয়েছিল, তার দ্বিগুণ অর্থ তাদের ফেরত দিতে হবে।

এক প্রশ্নের জবাবে ইকবাল কবির লিটন বলেন, আশিয়ান সিটি ওই প্রকল্পে ২০০ একর জমির বুকিংয়ের টাকা নিয়েছে। সংক্ষিপ্ত রায়ে গ্রাহকদের স্বার্থের বিষয়ে আদালত কিছু বলেনি।

“তবে বিস্তারিত রায়ে এ বিষয়ে নির্দেশনা থাকতে পারে। সেটা হতে পারে সর্বোচ্চ আদালতের ইতিপূর্বে দেয়া আদেশের মতোই।”

হাই কোর্টের রুল ও অন্তর্বর্তীকালীণ নিষেধাজ্ঞার পর আশিয়ান সিটি ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগেও গিয়েছিল। আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থগিত না করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। দ্বৈত বেঞ্চে শুনানিও হয়।

তবে এক পর‌্যায়ে আবেদনকারী পক্ষ ওই বেঞ্চে শুনানি করতে অনাগ্রহ দেখালে প্রধান বিচারপতি পরে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। ওই বেঞ্চেই চূড়ান্ত শুনানি হয় এবং রায় আসে।

হাই কোর্টে আবেদনকারী পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল ও মো. ইকবাল কবির লিটন।

আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

পুরনো খবর:

আশিয়ান সিটির ভাগ্য নির্ধারণ চার সপ্তাহে