২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটির ভাগ্য নির্ধারণ চার সপ্তাহে

আবাসন ব্যবসায় প্রতিষ্ঠান আশিয়ান সিটির সব কার্যক্রম বন্ধ চেয়ে করা আবেদন চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি হাই কোর্ট কয়েকটি রুল জারির পাশাপাশি আশিয়ান সিটির সব কার্যক্রম বন্ধ রাখার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

আদালতে আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এই পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আদালতে উপস্থিত থাকলেও শুনানি করেননি।

হাই কোর্টে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। তাকে সহায়তা করেন আইনজীবী ইকবাল কবির লিটন।

আদেশে আপিল বিভাগ রিটটি চার সপ্তাহের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে নিষ্পত্তির জন্য সব পক্ষকে নির্দেশ দেয়।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ২ জানুয়ারি হাই কোর্ট এ বিষয়ে বেশ কয়েকটি রুল জারি করে।

রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আশিয়ান সিটিতে মাটি ভরাট এবং গণমাধ্যমে যে কোন ধরণের বিজ্ঞাপনসহ এর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত।

গৃহায়ন সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (তত্ত্বাবধায়ন ও বাস্তবায়ন) এবং আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

আশিয়ান সিটির অনুমোদন সংক্রান্ত সব কাগজপত্র আদালতে জমা দিতে আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত তারা কতগুলো প্লট বরাদ্দ দিয়েছে তার একটি তালিকাও আদালতে জমা দিতে বলা হয় ওই আদেশে।

সব ‘অবৈধ’প্রকল্পে মাটি ভরাট, প্লট বিক্রি এবং বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দেয় উচ্চ আদালত।

পরে আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক এই আদেশ স্থগিতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। কিন্তু গত ১৪ জানুয়ারি চেম্বার বিচারপতি তা পাঠিয়ে দেন পূর্ণাঙ্গ বেঞ্চে।

শুনানিতে মাহমুদুল ইসলাম বলেন, আশিয়ান সিটি ৪৩ একর জমির জন্য অনুমোদন নিয়েছে। কিন্তু কাজ করছেন ২৩১ একর জমিতে। তারা যে জমি ভরাট করেছেন সেটা নিম্ন জলাভূমি। জলাভূমি ভরাটের জন্য তাদেরকে জরিমানাও করা হয়েছে।

রোকন উদ্দিন মাহমুদ বলেন, আমরা অনুমতি নিয়েই কার্যক্রম শুরু করেছিলাম। এটা ইতিপূর্বে দেয়া আপিল বিভাগের (মধুমতি মডেল টাউন মামলার) রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঢাকা মহানগরীর ডিটেইল্ড এরিয়া প্ল্যানে (ড্যাপ) এটাকে আবাসন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতএব এটা জলাশয় নয়।

‌“আমরা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চাচ্ছি। আমরা আমাদের দায়িত্বেই কাজ চালাতে চাই। পরে চূড়ান্তভাবে আদালতের কোনো আদেশ এলে আমরা সেটা মেনে নেবো।”

“বর্তমানে ঢাকার আবাসনে বেসরকারি খাতের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাদের ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। কিন্তু এর ফলে জনগণ উপকৃতও হচ্ছে। এমনকি কেউ এ পর্যন্ত বলেনি যে, এর ফলে আমাদের ক্ষতি হয়েছে।”

এসময় আদালত বলে, ঠিক আছে আপনারা হাই কোর্টে যান। সেখানে গিয়ে আপনাদের কথা বলুন।

তখন রোকন উদ্দিন মাহমুদ সেখানে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার আদেশ চান।

আদালত তাতেও রাজি না হয়ে আশিয়ান সিটির আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাই কোর্ট সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে।

পরে ২০১২ সালের ৭ অগাস্ট আপিল বিভাগ হাই কোর্টের রায় বহাল রাখে।