চবিতে শিবির প্রতিরোধে ছাত্রলীগের নেতৃত্বে জোট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের কয়েকদিন বাদে ইসলামী ছাত্রশিবির প্রতিরোধে ছাত্রলীগের নেতৃত্বে একটি জোট হয়েছে, যাতে ইসলামী একটি সংগঠনও রয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ’ নামে এই জোটের ঘোষণা দেয়া হয়।
ছাত্রলীগের সঙ্গে এই জোটে রয়েছে ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র সেনা, ছাত্র সমিতি ও ছাত্র সমাজ। সংগঠনগুলোর নেতারা সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রোমেন সংবাদ সম্মেলনে বলেন, “যুদ্ধাপরাধী, মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি ধ্বংসাত্মক অপরাজনীতির কারণে চবিতে শিক্ষার পরিবেশ বারবার বিঘ্নিত হচ্ছে।
“দীর্ঘদিন ধরে চবি ক্যাম্পাসে শিবিরের দুর্গ হিসেবে চিহ্নিত হলগুলোতে বহিরাগত শিবির ক্যাডাররা অবস্থান নিয়ে ক্যাম্পাস সংলগ্ন পাহাড়ে অস্ত্রের প্রশিক্ষণসহ বোমা ও দেশীয় অস্ত্র তৈরি করছে। তা নগরীর বিভিন্ন স্থানে নাশকতার কাজে ব্যবহৃত হচ্ছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ছাত্রশিবিরকে মদদ দেয়ার অভিযোগ করেন রোমেন।
সংবাদ সম্মেলনে ছিলেন চবি ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, যুগ্মসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম আরিফুল ইসলাম, ছাত্র মৈত্রীর আহ্বায়ক জিকু চৌধুরী, ছাত্র সমিতির সভাপতি বদরুদ্দোজা রনি , ইসলামী ছাত্রসেনার সভাপতি হাসান মুরাদ প্রমুখ।
