২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছাল জাগরণের ঠাকুরগাঁওমুখী রোডমার্চ

নির্বাচনের পরে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁওমুখী রোডমার্চ একদিন পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বৃহস্পতিবার তিন দিনের এই রোডমার্চ শুরু হওয়ার কথা থাকলেও বগুড়া ও গাইবান্ধায় পুনর্ভোটের কারণে কর্মসূচি একদিন পিছিয়ে শুরু হবে (শুক্রবার)।

বুধবার শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “বৃহস্পতিবার বগুড়া ও গাইবন্ধায় পুনর্ভোট অনুষ্ঠিত হবে। তাই আইন শৃঙ্খলাবাহিনীর অনুরোধে আমরা কর্মসূচি একদিন পিছিয়েছি।

৫ জানুয়ারির ভোটের দিন গোলযোগের কারণে ফল স্থগিত হওয়া আটটি আসনের প্রায় সাড়ে তিনশ কেন্দ্রে বৃহস্পতিবার আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হচ্ছে দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১।

সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, “শুক্রবার সকালে শাহবাগ থেকে শুরু হওয়া রোডমার্চ আগামী রোববার ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

রোডমার্চ চলাকালে বিভিন্ন স্থানে মোট ১৫টি পথসভা ও ছয়টি সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ, বলেন ইমরান।

ইমরান জানান, রোড মার্চে অংশ গ্রহণে ইচ্ছুকরা বৃহস্পতিবার পর্যন্ত শাহবাগের প্রজন্ম চত্বরে রোড মার্চ সমন্বয় সেল অথবা সেলের নম্বর ০১৭৮১৬২৮১১ এ যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা।

এর আগে গত ১১ ও ১২ জানুয়ারি যশোরের অভয়নগরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ। রোডমার্চে মোট ছয়টি পথসভা এবং দুইটি জনসভায় অংশ নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এরপর সোমবার শাহবাগে ওই রোডমার্চের প্রতিবেদন উপস্থাপন করে দ্বিতীয় রোডমার্চের ঘোষণা দেন ইমরান।