২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা না গ্যাসের চুলা, বাচ্চুর দগ্ধ হওয়া নিয়ে  দুই কথা

এক সপ্তাহ চিকিৎসার পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যাওয়া চাঁদপুরের কৃষক বাচ্চু প্রধানের দগ্ধ হওয়া নিয়ে তার স্বজনরা দুই ধরনের কথা বলছেন।

চাঁদপুর প্রতিনিধি

আবদুর রহমান. কুমিল্লা প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:05 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে বাচ্চু (৫০) দগ্ধ হন বলে তার স্ত্রী ও এক মেয়ে দাবি করলেও প্রতিবেশি এক মেয়েজামাই বলছেন, বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলার  আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি।

চাঁদপুরের পুলিশও বলছে, পেট্রোল বোমায় নয়, চুলার আগুনে দগ্ধ হয়ে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তার চিকিৎসকরা।

বুধবার ভোর ৬টার দিকে বাচ্চুর মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান। গত ৬ নভেম্বর গভীর রাতে দগ্ধ অবস্থায় তাকে মেডিকেলে আনা হয়।

তখন তার স্ত্রী ওহিদা বেগম জানান, ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁদপুর থেকে মতলবের পথে রওনা হওয়ার পর মুন্সীরহাট ও বাবুরহাটের মাঝামাঝি এলাকায় তার অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়া হয়।

বাচ্চুর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, গত ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাচ্চু নিজের বাড়ির রান্নাঘরের গ্যাসের চুলার উপর আগুন পোহাচ্ছিলেন। ওই সময় তার শরীরে আগুন লেগে গেলে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি বলেন, “ঢাকা নেয়ার সময় আত্মীয়-স্বজনদের মধ্যে কয়েকজন পরামর্শ দেয়, সে হরতালে পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিদগ্ধ হয়েছে বলে প্রচার করতে। তাহলে ভালো চিকিৎসা মিলবে।

“সে মতে তার নিকটজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তির সময় চিকিৎসকদের জানায়, সে হরতাল সমর্থকদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে।”

মতলব দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান বলেন, বাচ্চুর রিক্তা, মুক্তা, আসমা ও পারভিন নামে চার মেয়ে আছে। পেশায় তিনি কৃষক। গত ২০ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

বাচ্চুর মেয়ে রিক্তার স্বামী জুয়েল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাল চিকিৎসার জন্য পরিবারের লোকজন মিথ্যার আশ্রয় নিয়ে আমার শ্বশুরকে ঢাকায় নিয়ে পরিবারের লোকজন চিকিৎসক ও সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে।”

তিনি বলেন, তার শ্বশুর গত ৬ জানুয়ারি এশার নামাজের আগে চুলার কাছে গেলে লুঙ্গিতে আগুন ধরে যায়। এরপর তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

তবে বাচ্চুর আরেক মেয়ে মুক্তা ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার খবর পেয়ে ছুটে গিয়ে মুন্সীরহাট ও বাবুরহাটের মাঝামাঝি এলাকায় তার বাবাকে আহত অবস্থায় পান। সেখানে কোনো অটোরিকশা দেখা যায়নি বলেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, রোগীর স্বজনরা বোমায় দগ্ধ হওয়ার কথা বলায় সেভাবেই তার চিকিৎসা করা হয়েছে। কিভাবে তিনি দগ্ধ হয়েছেন তা বায়োপসি না করে বলা কঠিন।

চুলার আগুনে দগ্ধকে অবরোধের বলি বানানোর চেষ্টা