জাগরণের রোডমার্চ এবার ঠাকুরগাঁওমুখে
যশোরের অভয়নগরের মালোপাড়ার রোডমার্চের পর এবার সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা থেকে ঠাকুরগাঁওমুখে একই কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
সোমবার মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ‘মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চের পর্যবেক্ষণ প্রতিবেদনের সারসংক্ষেপ’ উপস্থাপন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মঞ্চের আহ্বানে দ্বিতীয় এই রোডমার্চে অংশ নিতে ইচ্ছুকদের শাহবাগে প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।
গণজাগরণ মঞ্চের পর্যবেক্ষণ প্রতিবেদনের সার সংক্ষেপে বলা হয়, যশোরের অভয়নগরের ওই সাম্প্রদায়িক হামলা রোধে রাষ্ট্রের সব অঙ্গই চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ফাইল ছবি
ইমরান বলেন, “গণজাগরণ মঞ্চ মনে করে, রাষ্ট্রীয় বাহিনী ও ৫ জানুয়ারি ভোটের পক্ষের রাজনৈতিক কর্মীরা সক্রিয় থাকলে হামলা এড়ানো সম্ভব হত।”
গত ১০ ও ১১ জানুয়ারি ঢাকা থেকে যশোরের মালোপাড়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের রোডমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপনের সময় তিনটি দাবি জানায় গণজাগরণ মঞ্চ।
এর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে আলাদা আইন তৈরি করা, সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের দ্রুত বিচার করা এবং সারাদেশে হামলার শিকার হিন্দুদের ক্ষতি নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া।
ইমরান বলেন, “রোডমার্চের পর্যবেক্ষণ টিমের মনে হয়েছে চূড়ান্ত বিচারে এই আক্রমণের পেছনে নির্বাচন প্রতিহতের ডাক দেয়া গোষ্ঠীই দায়ী এবং এই ধরনের আক্রমণ রোধে আগাম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় নির্বাচন কমিশনকে দায় থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই।”
হামলা রোধে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী এবং তাদের সমর্থকদেরও ব্যর্থতা রয়েছে বলে মঞ্চ মনে করছে।
