বেলকুচিতে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বড়ধুল ইউনিয়নের চর বংখুরী গ্রামের শহীদুল ইসলাম ওরফে তমছের ‘ডাকাতের’ বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় রাশিদা নামের এক নারীকে আটক করা হয়, যিনি কথিত ডাকাত শহীদুল ইসলাম ওরফে তমছেরের দ্বিতীয় স্ত্রী।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, গোপন সংবাদ পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় ডাকাত ফরিদুল ওরফে তমছের ও তার প্রথম স্ত্রী পালিয়ে গেলেও ছোট স্ত্রী রাশিদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আটক মালামালের মধ্যে আছে তিনটি দেশি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক, তিনটি রাম দা, একজোড়া হাতকড়া, আটটি মোবাইল ফোন সেট ও বোমা তৈরির সরঞ্জাম।
