‘এসপি অফিস ঘেরাও হবে’, থানা ফটকে অবস্থান প্রত্যাহার
পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে যশোরের মনিরামপুর থানা ঘেরাও কর্মসূচি শেষ করেছে আওয়ামী লীগ।
একাধিক হত্যাসহ ১০ মামলার আসামি যুবলীগ নেতা আদম আলীকে ছাড়িয়ে নিতে রোববার দুপুর থেকে সংসদ সদস্য পদপ্রার্থী খান টিপু সুলতান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মনিরামপুর থানা ঘেরাও করেন।
পরে রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের ঘোষণা দেন। এরপর থানা ঘেরাওকারীরা চলে যান।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় তরকারি বাজার থেকে মণিরামপুর পৌর যুবলীগের আহ্বায়ক আদম আলীকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করে।
মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন জানান, পৌর মেয়র শহীদ ইকবালের বাড়িতে হামলা ও ভাংচুর মামলায় আদম আলীকে আটক করা হয়।
এছাড়া আদম আলী পাঁচটি হত্যাসহ ১০ মামলার আসামি বলে জানান তিনি।
ওসি আরো বলেন, আদমকে আটকের পর দুপুর থেকে খান টিপু সুলতানের নেতৃত্বে থানার মূল ফটকের সামনে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
টিপু সুলতান এসময় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বপন ভট্টাচার্যের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে পুলিশ সুপার জয়দেব ভট্টাচার্যের প্রত্যাহার দাবি করেন।
পরে রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু মোবাইল ফোনের মাধ্যমে ওই সমাবেশে বক্তৃতা দেন এবং মঙ্গলবার সকালের কর্মসূচি ঘোষণা করেন। এরপর ঘেরাওকারীরা থানার মূল ফটক ছেড়ে চলে যায়।
আলী রেজা রাজু তার বক্তৃতায় বলেন, “পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে তার কার্যালয় ঘেরাও করা হবে।’
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন খান টিপু সুলতান। কিন্তু ৫ জানুয়ারি ভোটের দিন সহিংসতার কারণে ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আগামী ১৬ জানুয়ারি ওই ৬০ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নবম সংসদেও টিপু সুলতান সদস্য ছিলেন।
৫ জানুয়ারির ভোট গ্রহণ স্থগিত করার পর এ আসনের স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য তার প্রতিদ্বন্দ্বী টিপু সুলতানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সংবাদ সম্মেলন করেন গত শুক্রবার।
সেখানে তিনি অভিযোগ করেন, ভোটের দিন সহিংসতার কারণে তিনি নিজের ভোটটিও দিতে পারেননি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দেন।
