সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদ জেলায় জেলায়
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে শ্রেণি-পেশা-জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ রাজপথে নেমেছেন।
কয়েকদিন ধরে চলা এ প্রতিবাদ শনিবার ব্যাপক আকার নিয়েছে। দেশের প্রায় প্রতিটি জেলায় একটি বা একাধিক প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কালো পতাকা মিছিল প্রভৃতি হয়েছে।
এছাড়া গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে অভয়নগরমুখী রোডমার্চ করেছে।
এসব কর্মসূচিতে বক্তারা বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্য ও সম্পদের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেন।
সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে না পারায় সরকারের সমালোচনা করেন, হামলার নিন্দা জানান।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম এবং দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক সব মতাদর্শের মানুষকে এক হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জেলাগুলোর মধ্যে রয়েছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, জামালপুর, খুলনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, নওগাঁ, নাটোর, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা, শেরপুর ও সিলেট।
নির্বাচনের কয়েকদিন আগে শুরু হয়ে এ হামলা এখনো চলছে। সবচেয়ে বেশি তীব্র হয় নির্বাচনের দিন থেকে এরপর ৩/৪ দিন।
দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম, জামালপুর, যশোরসহ বিভিন্ন জেলায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা হয়েছে।
এরমধ্যে যশোরের মনিরামপুরের একটি ঋষি পল্লীর দুই গৃহবধূ ধর্ষণেরও শিকার হন।
