কোর্ট চত্বরের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন
দীর্ঘদিন পর সুপ্রিম কোর্ট এলাকা ছেড়ে রাস্তায় কর্মসূচি পালন করলো বিএনপিপন্থী আইনজীবীরা।
আইনজীবী নেতাদের মুক্তি ও গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ‘হামলাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আইনজীবী সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের মূল ফটক পর্যন্ত হেঁটে যান। বের হওয়ার সময় এক পর্যায়ে সেখানে থাকা পুলিশ গেট বন্ধ করে দেয়।
তখন সেখানে থাকা আইনজীবীরা শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিতে গেট খুলে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ করে। এক পর্যায়ে তাতে সাড়া দেয় পুলিশ।
পরে দেড়টা পর্যন্ত ফটকের বাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যাতে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা অংশ নেন।
এর আগে ১৮ দল সমর্থক আইনজীবীরা বিভিন্ন কর্মসূচিতে সুপ্রিম কোর্ট থেকে মিছিল নিয়ে বেরুতে চাইলেও পুলিশ তাদেরকে গেটেই আটকে দিয়েছিলো। গত ২৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশ নিতে যাওয়ার সময় পুলিশ আইনজীবীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এই কর্মসূচির বাইরে বিরোধী দল সমর্থক আইনজীবীরা অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করে। অন্যদিকে অবরোধে আদালত খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে সরকার সমর্থক একদল আইনজীবী।
এতে আগামী রোববার থেকে বিরোধী দলের কর্মসূচির মধ্যেও হাই কোর্টের বেঞ্চগুলো কার্যক্রম চালাবে বলে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদার।
বৃহস্পতিবার কয়েকটি আদালতের বিচারকরা এজলাসে বসলেও বিচারপ্রার্থী না থাকায় পরে নেমে যান।
সংখ্যালঘুদের উপর দেশব্যাপী নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে সুপ্রিম কোর্ট চত্বরে মানবন্ধন করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
