২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরের পথেও চলছে গাড়ি

বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধে বেশ কিছুদিন দূরের পথের গাড়ি চলাচল বন্ধ থাকলেও বুধবার থেকে বিভিন্ন রুটে চলতে শুরু করেছে গণপরিবহন। এর মধ্যে কোন কোন রুটে গাড়ি চলছে পুলিশ পাহারায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দাকার এনায়েত উল্লাহের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী থেকে দেশের প্রায় ষাট শতাংশ জেলায় বাস চলাচল করছে।

তিনি বলেন, “যে সব পয়েন্টে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে সেসব পয়েন্টে (ব্লাক পয়েন্টে) আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন।”

রাজধানীর বাস টার্মিনালগুলোর দৃশ্যও প্রাণের সঞ্চারের কথাই যেন বলছিল। হাঁক, ডাক আর নির্ধারিত বিরতিতে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে যেতে দেখা গেছে মহাখালী, সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনালে।

মহাখালী বাস মালিক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম বলেন, বুধবার থেকে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটে পুলিশ পাহারায় বাস চলাচল শুরু করেছে।

“মহাখালী থেকে দিনের বেলায় এনা পরিবহনের বাস পঁয়তাল্লিশ মিনিট অন্তর এবং রাতের বেলায় এক ঘণ্টা পরপর ছাড়া হচ্ছে। এছাড়া শেরপুরের যাচ্ছে রাজিব এন্টার প্রাইজের বাস।”

এদিকে হানিফ পরিবহনের কর্মকর্তা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বল্প পরিসরে তাদের কিছু বাস চলছে।

আর শ্যামলী পরিবহনের কর্মকর্তা সেলিম রেজা বলেন, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে তাদের প্রায় ৫০ শতাংশ গাড়ি বুধবার থেকে যাওয়া-আসা করেছে। পথেও কোন ধরনের সমস্যা হচ্ছে না।

মঙ্গলবারও তাদের কয়েকটি গাড়ি রাজধানী থেকে ছাড়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানী থেকে ফেনী, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য রুটে চলাচলরত পরিবহনের সংশ্লিষ্টরাও একই কথা বলেছেন। যাত্রী সেবা পরিবহনের বাসচালক মো. হিরণ মিয়া বলেন, তাদের গাড়ি সায়েদাবাদ থেকে ফেনী যাওয়া-আসা করছে।

যাত্রী সংখ্যা কেমন জানতে চাইলে তিনি বলেন, “আমার গাড়িতে যাত্রী ভরা। সামনে শুক্র ও শনিবার রয়েছে। আশা করি আরো বেশি যাত্রী পাওয়া যাবে।”

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বৃহস্পতিবার থেকে বাস ছাড়ার কথা জানিয়েছেন ইউনিক পরিবহনের কর্মকর্তা আব্দুল হক।

াত্রীতে গাড়ি ভরে গেলেই বাস ছেড়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের কর্মসূচিতে সহিংসতায় প্রায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ৫ জানুয়ারি নির্বাচন হলেও শেষ হয়নি হরতাল-অবরোধ, এখনো পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছেন গাড়ির চালক, তার সহকারী ও যাত্রীরা।

তারপরেও অনেকের মনে নির্বাচন শেষে রাজনৈতিক সহিংসতার অবসানের আশা। শিগগিরই এই অচলাবস্থার নিরসনে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্ত ব্যক্তিরা।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (পশ্চিম) মো. ইসরাইল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের উত্তরের ও পশ্চিমের জেলাগুলোতে বেশকিছু গাড়ি চলাচল করছে।

গাড়িগুলোতে কোন পাহারা দিতে হচ্ছে না তবে হাইওয়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আশফিকুর রহমান আক্তার বলেন, দেশের পূর্বাংশের জেলাগুলোতে বৃহস্পতিবার থেকে বেশকিছু গাড়ি যাতায়াত করছে।

তবে বাসের তুলনায় ট্রাক ও কভার্ড ভ্যানের সংখ্যা বেশি বলে জানান তিনি।

নির্বাচনের পর দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও রাস্তায় নেমে এসেছেন।”

আমাদের বেনাপোল প্রতিনিধি জানিয়েছেন, বেনাপোল থেকে আইনশৃংখলা বাহিনীর বিশেষ পাহারায় বুধবার রাত থেকে ঢাকার দিকে কয়েকটি বাস ছাড়া হয়েছে।