২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল বাঘের মুখ

বন্দর নগরীর টাইগার পাসে পাহাড়ের কোলে বসানো রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 08:31 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেয়া এই আগুনে বাঘটির মুখমণ্ডলের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।

খবর শুনে সেখানে যাওয়া খুলশী থানার এসআই রাসেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত একটি টায়ারে আগুন জ্বালিয়ে টায়ারটি বাঘের মুখের খোলা অংশে গুঁজে দেয়।

“এরপর দুর্বৃত্তরা সংলগ্ন পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়।”

ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে টাইগার পাস পুলিশ বক্স। তবে পুলিশ দুর্বৃত্তদের ধরতে পারেনি।

২০১১ সালের মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আগে নগরীর সৌন্দর্য বাড়াতে টাইগার পাস মোড়ে বড় আকারের একটি এবং কাছেই মূল সড়কের দুই পাশে বাটালি হিল ও রেলওয়ে পাহাড়ের নিচে বাঘের আরো দুটি ভাস্কর্য স্থাপন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়েই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি জানিয়েছেন।

“আগুনে ভাস্কর্যের যেটুকু ক্ষতি হয়েছে, তা সংস্কারে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখব।”

গত বছরের ১৪ জুলাই রাতে টাইগার পাস মোড়ে স্থাপিত অন্য একটি বাঘের পেছনের পা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয় দুর্বৃত্তরা। পরে তা  সংস্কার করা হয়।

তিন পায়ে দাঁড়িয়ে টাইগার পাসের বাঘটি