রোডমার্চে পথসভা-সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ
সাম্প্রদায়িক সহিংসতা রোধে ঢাকা থেকে যশোরের মালোপাড়া অভিমুখে রোডমার্চে চারটি পৃথক স্থানে পথসভা এবং দু’টি স্থানে জনসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকেলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার সকাল ৭টায় শাহবাগে জমায়েত এবং সকাল সাড়ে ৭টায় রোডমার্চ শুরু হবে।
রোডমার্চ চলাকালে প্রথম পথসভাটি হবে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে। এরপর সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে, ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল ৪টায় ফরিদপুরের মধুখালীতে মধুবন মার্কেটের সামনে এবং বিকাল ৫টায় মাগুড়া খানপাড়া বটতলায় পথসভা করবে গণজাগরণ মঞ্চ।
সন্ধ্যা ৭টায় যশোর শহরে পৌঁছে প্রথমদিনের রোড মার্চের মূলতবি ও রাতযাপনের পরিকল্পনা করেছে মঞ্চ।
শনিবার সকাল ৮টায় অভয়নগর উপজেলার সাম্প্রদায়িক সন্ত্রাস কবলিত এলাকা মালোপাড়ার উদ্দেশ্য যাত্রা শুরু হবে।
সেখানে পৌঁছে সকাল ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত মালোপাড়া এলাকার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময়, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার ইচ্ছার কথা জানান ইমরান।
সবশেষে ফেরার পথে যশোর চিত্রামোড়ে জনসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মালম্বী সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাট চালানোর পর মঙ্গলবার প্রথম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
