বাগেরহাটে দুই মন্দিরে অগ্নিসংযোগ
বারহাটের মোড়েলগঞ্জ উপজেলায় দুটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কচুবুনিয়া গ্রামের উত্তর কচুবুনিয়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ এবং কামলা জিলবুনিয়া সার্বজনীন কালি মন্দিরে আগুন দেয়া হয়।
তবে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল আসলাম খান বলেন, একটি মন্দিরে আগুন দেয়া হয়েছে। অন্যটিতে আগুন লাগানোর চেষ্টা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।
অগ্নিসংযোগে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
ঘটনাস্থল ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, রাধা-গোবিন্দ মন্দিরে রাধা-গোবিন্দ যুগল মূর্তি ভেঙে উপুড় হয়ে পড়ে আছে। পাকা ওই মন্দিরের বাইরে লাগোয়া একটি টিন ও কাঠের ঘর আগুনে পুড়ে গেছে। সেখান থেকে কোরোসিন রাখার একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে স্থানীয়রা।
আর কামলা জিলবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের মূল ঘরের ভেতরে খড়-কুটায় আগুন দেয়া হয়।
রাধা-গোবিন্দ মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ হালদার জানান, পুড়ে যাওয়া ঘরটিই ছিল মূল মন্দির। পাকা ঘর নির্মাণের পর থেকে এই ঘরটি মন্দিরের বিভিন্ন মালামাল রাখার জন্য ব্যবহৃত হয়।
রাত দেড়টার দিকে মন্দিরে আগুন ধরানোর পর টের পেয়ে ঘরের বাইরে এসে মন্দির এলাকায় অন্তত চার-পাঁচ জন লোককে দেখেছেন বলে জানান মন্দিরের পাশের বাসিন্দা সুনীল বিশ্বাস ও সেবিকা মণ্ডল।
তবে তাদের চিনতে পারেননি তারা। গ্রামবাসী আগুন নেভাতে এগিয়ে আসার পর তাদের আর দেখা যায়নি।
কামলা জিলবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন শিকদার বলেন, ভোরে মন্দিরে আসা পূণ্যার্থীরা মন্দিরের ভিতরে নিভে যাওয়া খড়-কুটো দেখতে পান।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে।
