দিনাজপুরে দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো তিন জন।
কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন-দিনাজপুর শহরের বড়গুড়গোলা এলাকার আকরাম হোসেন (৪৫) এবং উপশহর এলাকার মোস্তাফিজুর রহমান (৫০)।
এদের মধ্যে মোস্তাফিজুর স্বাস্থ্য বিভাগের কর্মচারী এবং আকরাম হোসেন একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।
আহত ফজলুল হক (২৭), নিয়তি মুখার্জী (৩২) এবং মহসীন আলীকে (২৭) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আলতাফ বলেন, সকালে বিপরীত দিক দিয়ে আসা বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে দিনাজপুর থেকে চিরিরবন্দরগামী যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ঘন কুয়াশার কারণে রাস্তায় স্পষ্টভাবে কিছু দেখা না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন জানান।
