নির্বাচনোত্তর হামলার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ
দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সমাজিক, পেশাজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
বুধবার সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব এবং শাহবাগ এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
বিকেলে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে প্রগতিশীল সংগঠন’-এর ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকটি সংগঠন একসঙ্গে বিক্ষোভ সমাবেশ করে ।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমএম আকাশ বলেন, “আদর্শগত সাম্প্রদায়িক শক্তিকে আইন করে নিষিদ্ধ করেও কাজ হবে না। এদের অর্থনৈতিক শক্তির উত্স বন্ধ করতে হবে।”
এসব হামলার জন্য জামায়াতে ইসলামকে দায়ী করে সরকারকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।
“এ ধরনের সন্ত্রাস বন্ধ করতে আমাদের আরো সংগ্রাম চালাতে হবে। কতিপয় যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর দমননীতি চালাতে হবে।”
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান এমএম আকাশ। বিক্ষোভ সমাবেশে সংহতি জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, ছাত্র ইউনিয়ন, ডক্টরস ফর হেলথ কেয়ার, প্রগতীশীল লেখকসংঘ, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠীসহ অন্যান্যরা।
একই সময় জাদুঘরের সামনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় ‘লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী-শিক্ষক-ছাত্র-শ্রমজীবী ও রাজনৈতিক কর্মীবৃন্দ’ ব্যানারে।
সমাবেশে বক্তব্যে মানবাধিকার কর্মী খুশী কবীর ভোটের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা প্রতিরোধে সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, “সরকার বা এর গোয়েন্দাদের কাছে কি কোন তথ্য ছিলো না? আমরা তা জানতে চাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক বলেন, “আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।”
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জ্যোতির্ময় বড়ূয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহের নিগার, মানবাধিকারকর্মী শিপ্রা বোস, ব্লগার বাকী বিল্লাহ, সাংস্কৃতিক কর্মী কফিল আহমেদ, অরূপ রাহী, নাট্যকর্মী আজাদ আবুল কালাম, সামাজিক সংগঠন ‘আমরা’ এর সভাপতি অনুপম দেব প্রমুখ।
এছাড়াও একই সময়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয় একই স্থানে। এতে সংহতি জানায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, গণস্বাক্ষরতা অভিযান, গণস্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি।
অন্যদিকে প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দিনভর মানববন্ধন ও সমাবেশ করে বাম গণতান্ত্রিক মোর্চা ও ন্যাপ।
