বিভিন্ন স্থানে অভিযান, আটক ৭৭
নাশকতায় জড়িত থাকার অভিযোগে এবং বিভিন্ন মামলার আসামি হিসাবে দেশের আটটি জেলায় অন্তত ৭৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এদের মধ্যে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা রয়েছেন।
যশোরে আটক ১১
শার্শা উপজেলা থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিশেষ অভিযানে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি আহম্মেদ কবীর।
তিনি বলেন, “শান্তি-শৃঙ্খলার বিঘœ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।”
কুড়িগ্রামে গ্রেপ্তার ৪৩
নির্বাচনে সহিংসতাসহ বিভিন্ন মামলায় কুড়িগ্রামে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন জানান, রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি এবং নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাটে আটক ৬
বিভিন্ন মামলায় লালমনিরহাটে ১৮ দলীয় জোটের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি (তদন্ত) মনসুর আলী জানান, আটকদেরকে আদালতে পাঠানো হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদি হয়ে সদর থানায় ৬টি মামলা করেছে।
এ মামলায় বুধবার ভোরে ওই ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে আটক ১১
নাশকতার পরিকল্পনা ও সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গাজীপুরে গ্রেপ্তার ৮
পেট্রোল বোমার ছোড়া এবং আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, কালিয়াকৈরে একাধিক ট্রাকে ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়।
ওইসব ঘটনায় কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক, রাখালীয়ারচালা ও সফিপুরে অভিযান চালিয়ে ওই ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধায় গ্রেপ্তার ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার রাতে যৌথ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় আটক ৯
সাতক্ষীরার ধুলিহর বেড়বাড়ী গ্রামে ভাংচুরের অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইনামুল হক।
শরীয়তপুরে গ্রেপ্তার ২৪
শরীয়তপুরের বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার মীর আ. সাত্তার বলেন, বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
