ঢাবির ৩০টি এসি কে ভাঙলো কেউ জানে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩০টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার এই ‘নাশকতার’ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলেও কবে এবং কখন এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি তারা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় গ্রন্থাগারের ছাদে থাকা ৩০টি শীতাতপ নিয়ন্ত্রিত তামার তার চুরি ও এসির পাখা ভাঙচুর করা হয়েছে।”
এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঘটনাটিকে নাশকতা উল্লেখ করে প্রক্টর বলেন, “এটা চুরি নয়, সুযোগ বুঝে ভাংচুর চালিয়েছে। এটি একটি পরিকল্পিত নাশকতা।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান বাদী হয়ে সন্ধ্যায় শাহবাগ থানায় একটি মামলা করেছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রক্টর।
ঘটনস্থলে গিয়ে দেখা যায়, গ্রন্থাগারের পূর্ব পাশের ছাদে দুটি ও পশ্চিম পাশের ছাদে ২৮টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের পাখা দুমড়ে মুচড়ে রয়েছে। এছাড়াও প্রত্যেকটি যন্ত্রের প্রায় ৩ ফুট পরিমাণ তামার তার ছিল, যা চুরি হয়ে গেছে।
লাইব্রেরির ভিতর দিয়ে ছাড়া ছাদে ওঠার আর কোন পথ না থাকায় প্রক্টর ধারণা করছেন লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীদের কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক এস এম জাবেদ আহমদ সাংবাদিকদের বলেন, “কবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভেতর থেকে লাইব্রেরির ছাদে উঠতে হলে ছয়টি গেইট অতিক্রম করতে হয়।”
