পুলিশের নিরাপত্তা পাবে ও-এ লেভেল পরীক্ষার্থীরা
বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার শুরু হওয়া ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার্থীরা চাইলে পুলিশের নিরাপত্তা নিতে পারবে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষার্থী ও অভিভাবক ব্যক্তিগতভাবে পুলিশের নিরাপত্তা চাইলে তা দেয়া হবে।
এক্ষেত্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের সংশ্লিষ্ট থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করতে হবে, জানান ডিএমপি কমিশনার।
মঙ্গলবার বিএনপির একাধিক নেতাকে আটকের প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এছাড়া দলটির সাংগঠিনক সম্পাদক ফজলুল হক মিলনকেও আটক করা হয়।
নির্বাচনের পর জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, গত কয়েকদিনে প্রায় ১২শ’ সন্ত্রাসীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এছাড়া জেলহাজতে রয়েছে দুই হাজারেরও বেশি সন্ত্রাসী।
রাজধানীতে সাধারণ টাকার বিনিময়ে নাশকতা ও বোমা বিস্ফোরণ ঘটানো হতো জানিয়ে কমিশনার বলেন, “পুলিশ রাজধানীতে আগের তুলনায় অনেকটাই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। জনগণ সহযোগিতা করলে অচিরেই পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে রাজধানীর জীবনযাত্রা।”
