সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমায় আটক ১০
সিরাজগঞ্জে আলুবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে দুই ব্যবসায়ী নিহতের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ওই হামলার পরই সলঙ্গা থানার হোড়গাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান।
তিনি বলেন, রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- হোড়গাতি গ্রামের বাদশা মিয়ার ছেলে যুবদলকর্মী হেলাল উদ্দিন (৩৫), একই এলাকার জামায়াতকর্মী আব্দুর রশিদ (৫০), মজনু সরকার (৪৯), আব্দুর রশিদের ছেলে শিবিরকর্মী মোহাম্মদ আলী (১৯), হাসান আলীর ছেলে সামিদুল ইসলাম (২২), বেলাল হোসেনের ছেলে আসলাম হোসেন (১৮), আব্দুল করিমের ছেলে ফরহাদ আলী (২০), আলোকদিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে যুবদলকর্মী আব্দুল মতিন মিন্টু (৩১), একই গ্রামের জহুরুল ইসলাম (৪৫) ও করিম আকন্দের ছেলে বোরহান আলী (২৫)।
এ ঘটনায় ওই ১০ জনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
বগুড়া থেকে একটি আলুবোঝাই ট্রাক ঢাকায় আসার পথে রাতে সলঙ্গার হোড়গাড়ি এলাকায় পৌঁছালে হরতালকারীরা তাতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে দগ্ধ হয়ে একজন এবং ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়লে নিচে চাপা পড়ে আরেক জনের মৃত্যু হয়। আহত হন চারজন।
