সিলেটে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৪
সিলেটের ওসমানী নগরে মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে একটি অটোরিকশার চালকসহ চার আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে কুরুয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানী নগর থানার ওসি জুবায়ের আহমেদ।
নিহতরা হলেন- কানাইঘাটের উপরপাড়া গ্রামের হাসমত আলী (৩৩), নোয়াগ্রামের ইসলাম উদ্দিন (৩২), জৈন্তাপুরের বাইরগাও গ্রামের কবির উদ্দিন (৩৫)। তবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।
গুরুতর আহত অটোরিকশার আরেক যাত্রী সাইফুল ইসলামকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি জৈন্তাপুরের বেতগাও গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শেরপুর থেকে আসা মাছবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা তিন জন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরেকজনের।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় নিহত
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রমিজ আলী রমি (৩৫)দিনমজুর ছিলেন।
সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের কাছে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনায় নিহত রমিজের বাড়ি বেলগাছির ডিঙ্গেদহ সংলগ্ন মানিকদিহি গ্রামে।
ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী ট্রাকটি ক্ষুব্ধ এলাকাবাসী আটক করলেও ঘটনার পরপরই এর চালক পালিয়ে যায়।
