২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ফেইল  করেছি: যশোরের পুলিশ সুপার

নির্বাচনের সময় মণিরামপুরে ৬০টি ভোটকেন্দ্রে এবং অভয়নগরে হিন্দুধর্মাবলম্বীদের উপর হামলা প্রতিহতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্বীকার করে বলেন, “আমরা ফেইল করেছি। ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এর থেকে বেশি ব্যবস্থা নেয়ার সুযোগ বাংলাদেশে নেই।”

“ভোটারদের অংশ গ্রহণ যদি বেশি হতো তবে এটা হতো না” বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

৫ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোরের মণিরামপুরে নির্বাচন বিরোধীদের হামলা ৬০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এসব কেন্দ্রে নির্বাচন বিরোধীরা বোমা হামলা ও ভাংচুর করে এবং ব্যালট পেপার ছিনিয়ে নেয়। হামলায় এক প্রিজাইডিং অফিসার সরদার তরিকুল ইসলাম আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এছাড়া সেদিন সন্ধ্যায় অভয়নগরের চাপাতলার মালোপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা হয়। প্রাণে বাঁচতে অসংখ্য গ্রামবাসী গ্রাম ছেড়ে পালান।

হামলার শিকার ব্যক্তিরা ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছে সাংবাদিকরা এ প্রসঙ্গ টানলে এসব কথা বলেন তিনি।