চট্টগ্রামের শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওমর ফারুক (২২) নাশকতার একাধিক মামলার আসামি বলে জানান লোহাগাড়া থানার ওসি শাহজাহান।
মঙ্গলবার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি শাহজাহান বলেন, “দুপুরে চুনতি এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।”
ফারুকের বিরুদ্ধে ভোট কেন্দ্রে নাশকতাসহ উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আটটি মামলা রয়েছে বলে জানান তিনি।
নির্বাচনের দিন রোববার উপজেলার ভবানিপুরে ভোট কেন্দ্র থেকে ব্যালেট বাক্স ছিনতাই করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়।
ওই ঘটনায় করা মামলায়ও ওমর ফারুক তালিকাভুক্ত আসামি বলে জানান ওসি।
