ঠাকুরগাঁওয়ে ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার জেরে ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপাপুরে হামলার আশঙ্কা করছে সংখ্যালঘুরা।
তবে, প্রশাসন বলছে, পরিস্থিতি এখন শান্ত আছে।
রোববার নির্বাচন চলাকালে সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের দেউনিয়াক্ষাজার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালবাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নির্বাচনের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন।
সরেজমিন পরিদর্শনকালে এলাকার লোকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে গুজব ওঠে যে, স্থানীয় সংখ্যালঘুদের উপর হামলা চালানো হতে পারে। এরপর আশপাশের ৫টি গ্রামের আতঙ্কিত অন্তত তিন হাজার সংখ্যালঘু নারী-পুরুষ স্থানীয় ইসকন মন্দিরে আশ্রয় নেয়।
যেকোনো সময় তারা হামলার আশঙ্কা করছেন বলে জানান।
তবে, শেষ পর্যন্ত সোমবার এমনকি মঙ্গলবারেও কোনো হামলা হয়নি।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ইসকন মন্দির এলাকায় সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে।
