কক্সবাজারে শিবিরের হামলায় পুলিশ আহত
কক্সবাজার সদর উপজেলার ইসলামী ছাত্রশিবির সমর্থকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে ঈদগাঁও স্টেশনে শিবিরের মিছিল থেকে পুলিশের উপর এ হামলা হয়। এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের জানান, বেলা ১টার দিকে ঈদগাঁও স্টেশনে শিবির একটি মিছিল বের করে। মিছিলটি স্টেশনের মোড়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কনস্টেবল অঞ্জন বড়ুয়া, রাখাল মিত্র আহত হন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয় শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শিবিরের জেলা সভাপতি দিদারুল ইসলাম বলেন, ঈদগাঁও স্টেশনে শিবিরের মিছিল বের করলে পুলিশ বিনা কারণে বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা এবং ফাঁকা গুলি করলে তাদের ৮কর্মী আহত হয়েছে।
