বরিশালে মা-ছেলে খুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের খ্রিস্টানপাড়া থেকে লাশ দুটি উদ্ধার হয়।
নিহতরা হলেন- অনিল মৃধার স্ত্রী মনিকা মৃধা (৬৫) ও ছেলে সুশীল মৃধা (৪৫)।
ঘটনার পর থেকে আরেক ছেলে সমীরণ মৃধা (৪০) নিখোঁজ রয়েছে। ওই বাড়িতে মা ও দুই ছেলে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে ওই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দরজা বন্ধ দেখে সুশীলের নাম ধরে ডাকাডাকি করেন।
ঘরের ভেতর থেকে কারো সাড়া শব্দ না পেয়ে হালিমা একতলা ভবনের ভেন্টিলেটার দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন এবং মেঝেতে রক্ত দেখে চিৎকার করে ওঠেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্ল্যাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ভবনের পেছনের দরজার তালা ভেঙে মা ও ছেলের লাশ উদ্ধার করে।
“নিহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাথা থেঁতলে দেয়া হয়েছে।”
লাশ দেখে পুলিশ ধারণা করছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে সমীরণ পলাতক থাকায় পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
