কক্সবাজারে ছাত্রলীগের অনুষ্ঠানে শিবিরের হামলা
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রশিবির কর্মীরা।
ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে হামলায় সংগঠনের পাঁচ কর্মী আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস ছিল। ছাত্রলীগকর্মীরা ক্যাম্পাসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাচ্ছিলেন।
“এসময় একদল শিবির ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
ছাত্রলীগ নেতা বোরহান বলেন, কক্সবাজার সরকারি কলেজ, হাশেমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিবির কর্মীরা সমবেত হয়ে এ হামলা চালায়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের জানান, হামলার পর নবীনবরণ অনুষ্ঠান বাতিল করে সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
