দুই আসনেই শেখ হাসিনার জয়
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুর ও গোপালগঞ্জের দুটি আসন থেকেই জয়ী হয়েছেন।
এদুটির মধ্যে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নূর আলম জাদু পেয়েছেন ৪,৯৫৯ ভোট।
দশম সংসদ নির্বাচনে রোববার দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহাম্মদ ফলাফল ঘোষণা করেন।
এ আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত। এ দুই কেন্দ্রের মোট ভোট ৭৫৩২।
নবম সংসদ নির্বাচনেও শ্বশুরবাড়ির এলাকার এই আসনে শেখ হাসিনা জয়ী হয়েছিলেন। তবে তার আগের নির্বাচনে হারতে হয়েছিল তাকে।
এদিকে নিজ এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনেও বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৭ হাজার ১৮৫ ভোট পেয়ে ষষ্ঠ বারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ জেড অপু শেখ পেয়েছেন দুই হাজার ৪৩০ ভোট।
ভোট গণনা শেষে রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খলিলুর রহমান ফল ঘোষণা করেন।
এছাড়া গোপালগঞ্জের বাকি দুটি আসনেও আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
