২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ব্যালট বক্স ছিনতাইয়ের সময় গুলিতে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুরে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার সময় গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 05:25 PM

Updated : 25 Apr 2022, 03:40 PM

ভোটগ্রহণের সময় রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ১৮ দলের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক জানান, নিহতের নাম এনামুল হক নান্নু।

তিনি দাবি করেন, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে মিছিলের সময় যৌথবাহিনী গুলি চালালে শিবিরকর্মী নিহত হন।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ভবানীপুর  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা।

“এসময় কেন্দ্রে থাকা ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে শিবিরকর্মীরা। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে এক শিবির কর্মী মারা যান।”

তবে পুলিশ-বিজিবি বা র‌্যাবের মধ্যে কোন বাহিনীর সদস্য গুলি করেছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।

এদিকে নগরীর আকবর শাহ থানাধীন একটি ভোটকেন্দ্রে হাতবোমা ফাটিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঢোকার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার এই তিনজন হলেন রাসেল (১৯), ইয়াছিন (১৯) ও মোহাম্মদ রাসেল (২০)।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকলোনি এলাকার কোয়ার্ড পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

“এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন কিরিচ হাতে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার তিনজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এই কেন্দ্রটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের অন্তর্ভুক্ত।