ফেনীতে সংঘর্ষে ছাত্র-যুবদল কর্মী নিহত
ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। দুই পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১১ জন।
ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা সোনাগাজীর উত্তর চর চান্দ্রিয়া কেন্দ্রে হামলা চালায়। পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টা গুলি চালালে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হন।
আহতদের কয়েক জনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবদল কর্মী জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল কর্মী শহীদুল্লাহ মারা যান।
এদিকে সকালে সোনাগাজীর চর খোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি ব্যালট বাক্স এবং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০০ ব্যালট পেপার ছিনতাই হয়েছে।
এছাড়া আগের রাতে ভোটের সরঞ্জামাদি চুরি হওয়ায় সোনাগাজীর উত্তরপরিশ্চম চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে এএসপি শামসুল জানিয়েছেন।
