২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ আসনে সহিংসতার শঙ্কা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রামের সাত আসনে প্রার্থী নির্বাচিত হওয়ায় এবার প্রতিনিধি বেছে নিতে ভোট দেবেন জেলার নয়টি আসনের ভোটাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এর মধ্যে সাতকানিয়া, সীতাকুণ্ড, বাঁশখালী ও ফটিকছড়িতে সহিংসতার আশঙ্কা করছেন ভোটার, প্রার্থী ও প্রশাসনের কর্তারা। যুদ্ধাপরাধের বিচার ঘিরে প্রায় এক বছর ধরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের তাণ্ডব দেখেছেন এসব এলাকার বাসিন্দারা।

সাতকানিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে এরইমধ্যে ভোটকেন্দ্র ও ভোটের সরঞ্জামবাহী গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইলতুৎমিশ বলেন, “আমি মনে করি জেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। প্রতিটি কেন্দ্র থেকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করে আসা আমাদের মূল কাজ।

“নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি আছে। দুয়েকটি স্থানে অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে।”

শনিবার সন্ধ্যার মধ্যেই সবগুলো ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান।

চট্টগ্রামের নয়টি আসনে এবার লড়ছেন মোট ২৬ জন প্রার্থী।  আসনগুলোতে ভোট কেন্দ্র রয়েছে মোট ১০৪৫টি। এসব কেন্দ্রের পাঁচ হাজার ৫৮৩টি কক্ষে ভোট দেবেন মোট ২৮ লাখ ২৮ হাজার ৩২ জন ভোটার।

বিরোধী দলহীন এই নির্বাচনে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাসও মিলছে কোনো কোনো আসনে।

নয়টি আসনের মধ্যে সাতটিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থীরা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারিকে।

চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ আসনের প্রার্থী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি প্রধানমন্ত্রীর ‘অনুরোধে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান।

উদ্বেগ-আতঙ্ক

দক্ষিণ চট্টগ্রামের দুটি আসন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন ঘিরেই প্রার্থী-ভোটার ও প্রশাসনের কর্তারা উদ্বেগে রয়েছেন।

শনিবার রাতে সাতকানিয়ার ছদাহা ও দক্ষিণ ঢেমশা এলাকায় ভোটের সরঞ্জামবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে  আহত হয়েছেন ২ পুলিশ সদস্য।

১৩৯ কেন্দ্রের তিন লাখ ৩৬ হাজার ১১২ জন ভোটারের এ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রতিদ্বন্দ্বী বিএনএফের জয়নাল আবেদীন কাদেরী।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের অনুসারী নয়, এ এলাকার মূল উৎকণ্ঠার কারণ জামায়াত-শিবিরের নাশকতা।

নেজাম উদ্দিন নদভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতের সাংসদ আনম শামসুল ইসলামসহ জামায়ত-শিবিরের নেতাকর্মীরা উদ্দেশ্যেমূলকভাবে গত এক মাস ধরে নাশকতা করছে।

“তারা বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের এখানে জড়ো করেছে। ভোটের দিন তারা নাশকতা করতে চাইবে। তবে যাই হোক ভোটাররা ভোট কেন্দ্রে যাবে বলে আমাকে জানিয়েছে।”

জামায়াত-শিবিরের আতঙ্ক চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনেও। এখানকার দুই লাখ ৬৮ হাজার ৫৬৭ জন ভোটারের জন্য কেন্দ্র ১১০টি।

এখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, শেখেরখিল, চাম্বল ও পুঁইছড়ি ইউনিয়ন নিয়ে আতঙ্কে আছি। সেখানে র‌্যাব-বিজিবি মোতায়েন আছে। দেখা যাক কি হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে তিন লাখ ৫০ হাজার ৮৯ জন ভোটারের রায় পেতে লড়বেন চার প্রার্থী। এ আসনে কেন্দ্র ১০৩টি।

যুদ্ধাপরাধের বিচার ঘিরে গত ফেব্রুয়ারি থেকে মহাসড়কজুড়ে নাশকতার সঙ্গে শুক্রবার রাতে একটি ভোট কেন্দ্রের বাইরে সরঞ্জামে আগুন দেয়ার ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে এলাকার ভোটারদের মধ্যে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তিন প্রার্থীর মধ্যে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজ ভান্ডারির (নৌকা) প্রতিদ্বন্দ্বী মালয়শিয়া আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদ হাসান (আনারস) ।

১৩৩টি কেন্দ্রের এ আসনে মোট ভোটার তিন লাখ ২৬ হাজার ১১৪ জন।

মাহমুদ হাসানের সঙ্গে জামায়াতের জোটবদ্ধতার অভিযোগ এনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন নজিবুল বশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভুজপুর, দাঁতমারা ও বাগান বাজারসহ কয়েকটি ইউনিয়নে জামায়াত-শিবির অধ্যুষিত।

“এসব এলাকায় হয়ত ভোট কেন্দ্র দখল করবে, না হলে গোলোযোগ করবে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি।”

এ ব্যাপারে মন্তব্যের জন্য মাহমুদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রতিদ্বন্দ্বিতার আভাস

নগরীর কোতোয়ালি ও বাকলিয়া নিয়ে চট্টগ্রাম-৯ আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন- জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু, ওর্য়াকার্স পার্টির আবু হানিফ, বিএনএফের আরিফ মঈনুদ্দিন ও আলী আহমেদ নাজির।

এ আসনে প্রথম তিন প্রার্থীর মধ্যে লড়াই হতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) আসনে। এ আসনের ১৪২টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৮৪ হাজার ৯৭৯ জন।

এখানে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ এম এ লতিফের পক্ষে প্রচারণা চালানো হলেও অন্য দুই প্রার্থীর পক্ষে তেমন কোনো প্রচারণা নেই।

চট্টগ্রাম দক্ষিণের দুই আসন চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) এবং উত্তরের এক আসন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এ শনিবার পর্যন্ত কোনো নির্বাচনী উত্তাপ দেখা যায়নি।

পটিয়ার দুই লাখ ৫০ হাজার পাঁচ জন ভোটার দুই প্রার্থীকে ভোট দেবেন ৯৯টি কেন্দ্রে। আনোয়ারার দুই লাখ ৭২ হাজার ৭৮৭ জন ভোটার তিন প্রতিদ্বন্ধী প্রার্থীকে ভোট দেবেন ৯৭টি কেন্দ্রে।

দ্বীপ জেলা সন্দ্বীপের এক লাখ ৭৬ হাজার ৮৭২ জন ভোটার ৭৯ কেন্দ্রে তিন প্রার্থীকে ভোট দেবেন।