২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হরতালকারীদের হামলায় আহত ২

যশোরে আওয়ামী লীগ কার্যালয়, ছাত্রলীগের মিছিল এবং র‌্যাবের গাড়িতে হরতালকারীদের পৃথক হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 03:43 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার দিকে এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, বেলা ১২টার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের গরীবশাহ সড়কে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসছিলেন নেতাকর্মীরা।

এ সময় তাদের মিছিলকে হরতালকারীরা ধাওয়া করলে ছাত্রলীগ নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন।

এরপরও তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

যশোর সদর ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ কার্যালয়ে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

যশোর সদর ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ কার্যালয়ে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

তবে পুলিশের উপস্থিতিতে গুলির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এসআই রফিকুল।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদরের রূপদিয়ায় যশোর-খুলনা মহাসড়কে র‌্যাবের গাড়িতে হামলা করে অবরোধকারীরা।

র‌্যাব যশোরের অধিনায়ক মেজর রাজিব জানান, অবরোধকারীরা তাদের দুটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে একটি গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন তাদের দুজন সদস্য।

ঘটনাস্থলে সেনা ও বিজিবির সদস্যরা গিয়ে সেখান থেকে সকলকে সরিয়ে দেয় বলেও জানান তিনি।