নির্বাচনের আগে পাবনার ৩ ওসি প্রত্যাহার
নির্বাচন কমিশনের নির্দেশে পাবনা-১ নির্বাচনী এলাকার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
প্রত্যাহারকৃ বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন, সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান ও আতাইকুলা থানার রেজাউল করিমের আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনারের এক নির্দেশে ওই তিন থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দলীয় ক্যাডারের মতো ভুমিকার অভিযোগ করে তাদের অপসারণের দাবি জানিয়ে আবেদন করে আবু সাইয়িদ।
এতে সাড়া না পেয়ে বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আবারো তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তিনি।
একইসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী প্রচার কাজে পুলিশকে ব্যবহারের অভিযোগ করে তার পদত্যাগও দাবি করেন আবু সাইয়িদ।
৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুটি আসনে, বাকি তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।
এর মধ্যে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু দলের হয়ে নৌকা প্রতীক ও আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে হাতুড়ি প্রতীক নিয়ে ওর্য়াকাস পার্টির প্রার্থী নজরুল ইসলাম ও বাইসাইকেল প্রতীক নিয়ে জেপির (মঞ্জু) প্রার্থী ইয়াসিন আরাফাত নির্বাচনে লড়ছেন।
আর পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী- নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও কবুতর প্রতীক নিয়ে গণতন্ত্রী পার্টির প্রার্থী খায়রুল আলম।
এর বাইরে তিন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন: পাবনা-২ আসনে খন্দকার আজিজুল হক আরজু, পাবনা-৪ আসনে শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
