চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে আগুন, চালকসহ দগ্ধ ৩
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আমদানি পণ্যবাহী ট্রাকে অবরোধকারীদের আগুনে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে কানসাট কলেজের সামনে অবরোধকারীরা ট্রাকটিতে আগুন দেয় বলে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান।
দগ্ধ তিনজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ট্রাক চালক জামাতুল ইসলাম (৪০), একই এলাকার আজিজুল ইসলাম (৫০) ও শিবগঞ্জ উপজেলার মাইনুল ইসলামের ছেলে আরিফ (২০)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জামায়াতুল ও আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি জানান, ট্রাকটি সোনামসজিদ স্থল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে আসছিল।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল হক জানান, চালক জামাতুলের শরীরের ৩০ শতাংশ এবং আজিজুলের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
চাঁদপুরে ট্রাকে আগুন
চাঁদপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, শুক্রবার ভোরে জেলার কচুয়া উপজেলার জগতপুরে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়।
পুলিশ সুপার মো. আমির জাফর জানান, আগুনে ট্রাকটির কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে গত ১ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে দেশের বিভিন্ন স্থানেই পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস নাশকতার শিকার হচ্ছে। এসব ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।
