২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন প্রতীকী অনশনে লাভ হবে না: কাদের সিদ্দিকী

দুই হাজার বছর প্রতীকী অনশন করলেও বর্তমান সরকারের পতন হবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:31 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

পুলিশের ‘সহায়তায়’ আইনজীবীদের উপর হামলায় দায়ীদের বিচার চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনশনে সংহতি জানিয়ে বৃহস্পতিবার তিনি কথা বলেন।

গত রবি ও সোমবার উচ্চ আদালতে সরকার ও বিরোধী দল সমর্থকদের মধ্যে সংঘাতের পর নেয়া অনশনে গিয়ে আরো কঠোর কর্মসূচি চান কাদের সিদ্দিকী।

তিনি বলেন, “একাত্তরে পাকিস্তানি হানাদাররা যখন আমাদের মা বোনের সম্ভ্রম নষ্ট করছিলো, সেটাই আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনেক বেশি উদ্বুদ্ধ করছিলো।

“ছিলাম ছাত্র, মফস্বলে বক্তৃতা করতাম, প্রয়োজন হলে জীবন দিবো। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, রক্ত দেয়ার প্রয়োজন হয়, তখন অনেকেই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি পালাতে পরিনি।

“আমি জানি না, আপনারা যারা এই কোর্টে প্রতিদিন আসেন, এই কোর্টের প্রতি আপনাদের কতটুকু শ্রদ্ধা আছে, কতটা সম্মানবোধ, কতটা ভীতি, কতটা সংযম আছে, আমি জানি না। কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি মানুষ হাইকোর্টকে একটি পবিত্র স্থান মনে করে।”

প্রতীকী অনশনকে মানুষ তামাশ ছাড়া কিছু মনে করে না মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, “আপনারা এখানে একটি প্রতীকী অনশন করছেন। ১০টায় এসে ১২ আবার গিয়ে খাবার খাওয়া- গ্রামের মানুষ এটাকে তামাশা ছাড়া আর কিছু মনে করছে না।”

“এখানে আপনারা অবস্থান নিতে পারতেন, অবস্থান যদি একমাস করতে পারতেন, শেখ হাসিনার সরকার এই দেশে থাকতেই পারবে না। আর এ রকম দুই ঘণ্টার অনশন দুই হাজার বছর ধরে পালন করলেও এই সরকারের উপর কোন প্রভাব পড়বে না।”