২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে গ্রেপ্তার অভিযান অব্যাহত

বিরোধী জোটের চলমান কয়েক দফা অবরোধে বিভিন্ন নাশকতা ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযেগে বিভিন্ন জেলায় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রধানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের ঝিকিড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা জানান, আটক রফিকুলের নামে অগ্নিসংযোগ,নাশকতা,পুলিশের উপর হামলার অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নোয়াখালী: বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত শিবিরের সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,আটকদের বিরুদ্ধে হরতাল ও  অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গাজীপুর: বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানায়,নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার রাতে জেলায় জয়দেবপুর থানা আটজন , কালিয়কৈর থানা দুজন এবং শ্রীপুর থানা দুজনকে আটক করেছে।

সাতক্ষীরা: জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা ১০জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।

সদর উপজেলা,কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল)মনিরুজ্জামান জানান,আটককৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে।

তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ঝালকাঠী: ঝালকাঠী জেলার নলছিটি ও কাঠালিয়া থানা পুলিশ পৌর কাউন্সিলরসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ।

এরা হলেন নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন এবং কাঠালিয়ার চেচরিরামপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানায় পুলিশ ।

নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন,“অবরোধের সময় সড়কের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে সরোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়।

কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান,ইউপি বিএনপি নেতা আব্দুস সালাম নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে লোকজন নিয়ে মিটিং করছিলেন।

খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।

নীলফামারী:বিএনপি ও জামায়াতের দুই নেতকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার ভোরে তাদের ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ডোমার থানার উপ-পরির্দশক শাহিনুর ইসলাম খান জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি দুলালকে (৪৮)গ্রেপ্তার করা হয়েছে।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নাশকতা,সরকারি কাজে বাধাদান ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে জলঢাকা পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের কর্মী আতিয়ার রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনা: যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১৭ বিএনপি-জামায়াত সমর্থককে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধা ৭ টা পর্যন্ত অভিযানে সদর থানা থেকে নয়জন ও আতাইকুলা থানা থেকে আটজনকে  আটক করেছে যৌথবাহিনী।

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় বিজিবি,র‌্যাব,পুলিশ ও ডিবি পুলিশ সদস্য নিয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে এদের আটক করে।

আতাইকুলা থানার ওসি রেজাউল করিম জানান,থানা এলাকার মধুপুর ও হরিপুরে অভিযান চালিয়ে আটজন বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ১৭ জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ১২ জনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

এ আদালতের বিচারক ছিলেন পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মসিউর রহমান খান ও মুকুল কুমার বৈদ্য।