২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অপহৃত কবিরাজ উদ্ধার, আটক ৩

মুক্তিপণের জন্য নাটোরের অপহৃত কবিরাজকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক জানান, উদ্ধার কবিরাজ ও আটকদের বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার এসএম এমরান হোসেনের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের আনোয়ার হোসেনকে (৫২) অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

আটককৃতরা হলেন উল্লাপাড়ার তয়জুল হোসেনের ছেলে বাবুল আক্তার (৩৫), আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিম (২২) ও আক্তার হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩০)।

আনোয়ারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রোগী দেখার কথা বলে কবিরাজ আনোয়ারকে তাড়াশের ঘাটকুলা এলাকায় ডেকে আনে কয়েকজন।

পরে তার হাত-পা বেঁধে উল্লাপাড়ার দবিরগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয় এবং পরিবারের কাছে মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

বুধবার বিকেলে দবিরগঞ্জে অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়।

তার তথ্য অনুযায়ী ওই পরিত্যক্ত ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে পুলিশ।

এ সময় অপহরণকারী অন্য দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় কবিরাজের ছেলে আনিছুর রহমান একটি মামলা করেছেন।