২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের আ.লীগনেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাঁচদিন আগে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

মঈনুল হক চৌধুরী ও সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 04:16 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার গভীর রাতে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পাথরাইল কেন্দ্রীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে নিজের বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

“ঘটনার পরদিন নিহতের ভাতিজা আব্দুল খালেক বাদী হয়ে বিএনপিকর্মী ও কূখ্যাত নৌ-দূস্য জবান আলীসহ ৩০ জনের নামে সদর থানায় মামলা করেন।”

গ্রেপ্তার তালেব মামলার প্রধান আসামী জবান আলীর মামাতো ভাই বলে জানান তিনি।

ঘটনার দিনই আটক ২০ জনের মধ্যে জবান আলীর বড় ভাই আবু সামা (৫৫), ভাতিজা রুবেল (২৩) ও দেলোয়ার হোসেনকে (১৮) এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আসামিদেরকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।