গাজীপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
গাজীপুরের পুবাইল থেকে অস্ত্র ও পিকআপসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে পূবাইল কলেজগেট এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের ধরা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন।
গ্রেপ্তাররা হলেন- শিপন (২২), সোবহান মিয়া (২১),রুবেল মিয়া (২৪), হাশেম (২৩) ও জাহিদুল ইসলাম (২৮)।
এসআই মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়েই পুলিশ সেখানে এ অভিযান চালায়। এসময় কাছে থাকা একটি পিস্তল, দুটি চাপাতি ও দুটি ছোরাসহ একটি পিক-আপ জব্দ করা হয়।”
তিনি বলেন, আটকদের মধ্যে দুজনের বাড়ি বরিশালে, বাকি তিনজন পটুয়াখালী, বগুড়া ও শেরপুরের বাসিন্দা।
এঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
