গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার জুনদহ বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হন আব্দুল কদ্দুস (৪৭)।
কদ্দুস পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মৃত পানশা সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, সকালে কদ্দুস মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে জুনদহ এলাকায় বগুড়া থেকে রংপুরগামী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি আরো বলেন, এ ঘটনায় কোন মামলা করেননি তারা।
