চট্টগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ও গুদাম পুড়ে ছাই
বন্দরনগরীর কাটাপাহাড় ও শেরশাহ এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ও একটি কারখানার গুদাম পুড়ে গেছে।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার কাটাপাহাড় এলাকায় রাত দেড়টার দিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে ব্যাটারি থেকে আগুন লাগে। পরে আরো দুটো গাড়িতে তা ছড়িয়ে পড়ে।
এতে আলমগীর হোসেন ও মো. ইব্রাহিমের মালিকানাধীন দুটি মাইক্রোবাস এবং মো. ফারুকের মালিকানাধীন একটি কভার্ড ভ্যান পুড়ে যায়।
ফায়ার ব্রিগেডের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে বুধবার রাত ১২টার দিকে বায়েজিদ থানাধীন নাসিরাবাদ শেরশাহ এলাকায় মাল্টি স্টিল লিমিটেড নামের একটি কারখানার গুদামে আগুন লাগে।
ফজলুল কাদের জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা ধারণা করছেন। গুদামে রাখা বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
হাবিব মহিউদ্দিন নামের এক ব্যক্তি ওই কারখানার মালিক বলে ফজলুল কাদের জানান।
