২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফের পুলিশকে লক্ষ্য করে বোমা

বিএনপির নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজশাহীর ডাসপুকুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 10:34 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনার সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি।

রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করীম জানান, ছাত্রশিবির কর্মীরা সকালে নগরীর সিটি বাইপাসের ডাসপুকুর এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে দুটি হাতবোম ফাটিয়ে ঢিল ছুড়তে থাকে শিবিরকর্মীরা।

এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ আগুন নিভিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে গত ২৬ ডিসেম্বর ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের টহল ট্রাকে বোমা হামলা চালানো হয়। এতে এক পুলিশ কনস্টেবল নিহত ও আরো আটজন আহত হন।

ওই ঘটনার পর নগরীতে যৌথ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের এক আস্তানাসহ বিভিন্ন এলাকা থেকে সাড়ে চার কেজি গান পাউডার ও ৭৩টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

অবরোধে রাজশাহীতে শিবির কর্মীদের রাস্তায় দেখা গেলেও দ্বিতীয় দিনেও রাজশাহীতে মাঠে নামেনি বিএনপির নেতাকর্মীরা।

গাড়িতে বোমা মেরে পুলিশ হত্যা মামলায় আসামি হওয়ার পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, দলের বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি নাদিম মোস্তফা এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আত্মগোপনে রয়েছেন। কর্মীদেরও দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির এক কর্মী বলেন, নেতাদের না পেলে তারাও আর মাঠে থাকতে চান না।