‘অবরোধ অকার্যকর হয়ে গেছে’
নতুন বছরের শুরুতে ১৮ দলীয় জোট অবরোধ কর্মসূচি দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে তা ‘অকার্যকর’ হয়ে গেছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়, জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে অবরোধ মূলতঃ ‘অকার্যকর’ হয়ে পড়েছে।
“রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে বিমান, ট্রেন, লঞ্চ চলাচল এবং হাটবাজার, শপিংমল, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ, অফিস-আদালতের কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল।”
তথ্যবিবরণীতে আরও বলা হয়, “আজ সারাদেশে অবরোধ চলাকালে অবরোধকারী বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ভাংচুর, অবরোধ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।”
“জামায়াত-শিবিরকে দিয়ে বোমাবাজি, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করাসহ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক প্রতিরোধ ও প্রয়োজনীয় ব্যবস্থায় তা নস্যাৎ হয়ে যায়।”
১৮ দলীয় জোটের অযৌক্তিক অবরোধকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের কর্মস্থলে যোগ দেন এবং নতুন বছরের প্রথম দিনে অবরোধ থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন বলে তথ্য বিবরণীতে দাবি করা হয়।
